বরিশাল, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- মাদকদ্রব্য রাখার দায়ে বরিশালে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এ এম জয়নাল আবেদীন এ রায় দেন। এ সময় আসামি বাহাদুর শিকদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত বাহাদুর বরিশাল সদর উপজেলার চরকাউয়ার নয়নী গ্রামের সাদেম আলী শিকদারের ছেলে।
গত বছর ৩০ জুন র্যাব-৮ এর একটি দল বরিশাল নগরীর লাকটিয়া সড়কের বিল্লবাড়ী-মুখার্জী বাড়ীর পুল এলাকা থেকে ৮০ গ্রাম হেরোইনসহ বাহাদুরকে আটক করে।
পরদিন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই বছরের ২৭ জুলাই দাখিল করা হয় অভিযোগপত্র।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮০৩ ঘ.
bdnews24