২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মী প্রহৃত হওয়ায় তেজগাঁওয়ে গার্মেন্টসকর্মীদের বিক্ষোভ

সন্ত্রাসীদের হাতে সহকর্মীরা প্রহৃত হওয়ায় সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিক্ষোভ করেছে গার্মেন্টসকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- সন্ত্রাসীদের হাতে সহকর্মীরা প্রহৃত হওয়ায় সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিক্ষোভ করেছে গার্মেন্টসকর্মীরা। বিক্ষোভে যোগ দেওয়া নিয়ে একপর্যায়ে তারা এলাকার অন্য কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিনঘন্টা ধরে চলা এ সংঘর্ষে ব্যাপক ইটপাটকেল ছুড়ে কয়েকটি গার্মেন্টস কারখানা ও গাড়ি ভাংচুর করে শ্রমিকরা। ফারুক নামের একজন বিক্ষোভকারী গার্মেন্টসকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত সানশাইন নিটওয়্যার লিমিটেডের একজন সহকারি প্রোডাকশন ম্যানেজারকে মারধর করে কয়েকজন কর্মী। তিনি স্থানীয় আলাউদ্দিন বাহিনীর সন্ত্রাসী আশরাফের কাছে এ নিয়ে নালিশ করলে তারা রবিবার রাতে দুই কর্মীকে ধরে পিটুনি দেয়। সোমবার দুপুরে খাবারের বিরতির সময় আবার পাঁচজনকে ডেকে নিয়ে পেটায় আশরাফ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর সানশাইন গার্মেন্টসে ছড়িয়ে পড়লে দুপুর দেড়টা নাগাদ সেখানকার ১৭শত কর্মী রাস্তায় বেরিয়ে বিক্ষোভ করতে শুরু করে। কয়েকজন সামনের টোপাজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের ডাকতে গেলে সেখানকার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে সানশাইনের কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়ে। তখন সানশাইন কর্মীরা তাদের মুক্ত করার জন্যে টোপাজ গার্মেন্টসে ইটপাটকেল মারতে শুরু করে। অবশ্য কিছুক্ষণ পরেই তাদের বের করে দেওয়া হয়। শ্রমিকদের একটি অংশ নিকটবর্তী হামিম গ্র"পের গার্মেন্টসগুলোর কর্মীদের সঙ্গে নিতে গেলে হকিস্টিক ও লাঠি নিয়ে একটি দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ এদের হামিম গ্র"পের গার্মেন্টস কর্মী বলে উল্লেখ করলেও সানশাইনের কর্মীরা তাদের স্থানীয় সন্ত্রাসী বলে দাবি করেছে। প্রায় তিন ঘন্টা ধরে এই তিনটি গ্র"পের মধ্যে সংঘর্ষ চলে। পুলিশ বিকেল পাঁচটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে বারোজন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, সানশাইনের শ্রমিকরা অন্য কয়েকটি গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভে যোগ দেওয়ার জন্যে জোরাজুরি করায় ভুল বোঝাবুঝি হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর সানশাইন এর কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। অপ্রীতিকর অবস্থা এড়াতে প্রতিষ্ঠানটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪৭ঘ.