রাজশাহী, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - নওগাঁর আত্রাই উপজেলার মুনিয়াড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান চৌধুরী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর সশস্ত্র কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ টি এম মেসবাউদ্দৌলা এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- বাবু ওরফে সাগর, আকবর, সবুর, জাহিদুল, আব্দুল লতিফ ও চঞ্চল। এরা চরমপন্থী দলের সদস্য বলে মামলার নথি থেকে জানা গেছে।
এদের মধ্যে চঞ্চল বর্তমানে পলাতক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি ইব্রাহিম, আকবর, শরিফুল ওরফে শরিফ ও মাহফুজুর রহমান ওরফে জুয়েলকে বেকসূর খালাস দেওয়া হয়েছে।
ক্রসফায়ারে মৃত্যু হওয়ায় তিন আসামি পিন্টু ওরফে জালাল, শফিকুল ও সোহেল রানাকে অব্যাহতি দিয়েছে আদালত।
২০০২ সালের ৩০ আগষ্ট মুনিয়াড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও নৈদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান চৌধুরী আত্রাই থেকে জবাই করে হত্যা করা হয়। আত্রাই থেকে বাসে নৈদিঘীর বাড়ি ফেরার পথে বার বিঘা'র মোড়ে একদল চরমপন্থী তাকে বাসের ভেতর জবাই করে হত্যা করে।
এ ঘটনায় তার স্ত্রী ফেরদৌসি ইয়াসমিন আত্রাই থানায় মামলা করেন। আত্রাই থানার তখনকার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম তদন্ত শেষে ২০০৩ সালের ৫ আগষ্ট নওগাঁ জজ আদালতে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ২০০৮ সালের ১৬ জুলাই মামলাটি স্থানান্তর করা হয় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জাহাঙ্গীর আলম সেলিম। আসামি পক্ষে ছিলেন শেখ আবু মাসুম এবং সাইফুল আলম শেলী।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24