২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকমাসের মধ্যে নতুন শিক্ষানীতি চূড়ান্ত করা হবে: শিক্ষামন্ত্রী

সরকার কয়েক মাসের মধ্যে নতুন শিক্ষা নীতি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তনি বলেছেন শিক্ষা নীতি প্রণয়নে সরকার শিগগিরই একটি কমিশন গঠন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকার কয়েক মাসের মধ্যে নতুন শিক্ষা নীতি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন শিক্ষা নীতি প্রণয়নে সরকার শিগগিরই একটি কমিশন গঠন করবে। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় শিক্ষাবিদ এবং সরকারি শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী জানান, কমিশন কুদরত-ই-খুদা কমিশনের আলোকে তৈরি ২০০০ সালের শিক্ষা নীতিকে ভিত্তি ধরে কয়েক মাসের মধ্যে নতুন শিক্ষা নীতি চূড়ান্ত করবে। তিনি বলেন, "দেশে একটি পূর্ণাঙ্গ শিক্ষা নীতির জন্য আর বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। এবার মাসের হিসেবের মধ্যেই তা চূড়ান্ত এবং কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। আগের মতো নীতি তৈরির মধ্যে বিষয়টি ঘুরপাক খাবে না।" একটি গণমুখী নীতির জন্য কমিশন এখন পর্যন্ত প্রণয়ণ করা সব শিক্ষা নীতি থেকে ভাল সবকিছু গ্রহণ করবে জানিয়ে মন্ত্রী বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। এজন্য আমরা একটি বিষয় দিয়ে শুরু করব- সময়ের প্রয়োজনে যা আধুনিক ও যুগোপযোগী করা হবে।" শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দুর করতে সকল দল এবং মতের সবার সাহায্য নেওয়া হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা বিএনপি বলে পৃথক কিছু নেই।" দেশে বর্তমানে প্রাথমিক স্তরের শিক্ষা ক্ষেত্রে এগারো ধরনের বৈষম্য চলছে মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ বলেন, "এ বৈষম্য দূর করতে প্রাথমিক স্তরে সব শিশুর জন্য একই সিলেবাস বাধ্যতামূলক করা হবে।" শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি একটি বড় ব্যাধি মন্তব্য করে তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও বিশৃংখলা চলতে দেওয়া হবে না। মুষ্টিমেয় কিছু লোকের দুর্নীতির দায়ভার সমাজের সবাই নেবে না।" চলমান পাঠ্য পুস্তক সঙ্কটের জন্য একশ্রেণীর ব্যবসায়ীর অতি মুনাফার লোভ এবং কারো কারো ইচ্ছাকৃতভাবে সরকারকে বিব্রত করার 'অপচেষ্টাকে' দায়ী করে তিনি বলেন, "এ বিষয়ে আমাদের কিছুই করার ছিল না। আগের সরকারের ধারাবাহিকতার দায় আমরা কাঁধে নিয়েছি। তবে সঙ্কট কাটাতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।" প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, শিক্ষার উন্নয়নে মেধাবীদের শিক্ষকতায় আনার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থীকে কর্মজীবনে ঢোকার আগে তিনমাস গ্রামেগঞ্জে পাঠদানের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রীর প্রতি আহবান জানান। সভা শেষে মন্ত্রী বান্দরবানে পিকনিতে আহত ছাত্রদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আশরাফ শামীমের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বদরুল আলম তরফদার, অধিদপ্তরের মহাপরিচালক শিমুল কান্তি ঘোষ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইনাম উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আবু ইউসুফ, প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক আবুল মোমেন, শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান ও একেএম আলী জিন্নাহ প্রমূখ। বিডিনিউজ ২৪ ডটকম/আরএআর/এসকে/২২৪২ঘ.