২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৩ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

কক্সবাজার, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৩ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে এদের সবাইকে আদালতের মাধ্যমে থানা হাজতে পাঠানো হয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় দেড় শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। শনিবার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ ওরফে সৈয়দ্যা ডাকাতকে গ্রেপ্তারের পর একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই শরণার্থী শিবির থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে ওই আসামিকে ধরতে পারেনি পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার সন্ধ্যায় উপ-পরিদর্শক মিজবাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সৈয়দকে গ্রেপ্তার করতে গিয়েছিল। ওই আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে ক্যাম্পের ভেতরেই 'রোহিঙ্গা সন্ত্রাসী'রা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। ওই ঘটনার পর পুলিশ গভীর রাতে আবারও কুতুপালং শরণার্থী ক্যাম্পে অভিযান চালায়। ওই সময় শরণার্থী শিবিরে তালিকাভুক্ত ও অবৈধভাবে বসবাসকারী ৩৩ জন শরণার্থীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একরাম উল্লাহ নামের একজনের কাছ থেকে কিছু হেরোইনও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- মনির আলম (৩০), রশিদ আহমদ (৩০), মো. ইউনুছ (২৫), রফিক (২৫), আবদুল গফুর (১৯), নজু মিয়া (২০), আবদুল গফুর (২৮), রশিদ আহমদ (২২), আবুল কাসেম (৩১), আবদুর রহমান (৩০), করিম (২০), নুরুল আমিন (২৮), জমির আহমদ (২৩), হারুন (৩৮), ইলিয়াছ (১৯), মনিরুজ্জামান (৩৬), ছৈয়দ আলম (২৫), আবদুল জব্বার (২৫), একরামুল (২২), সোনালী (২৫), নুরুল আলম (২০), মোজাফফর (৩৮), আবদুর রহিম (২৪), শাজাহান (২২), আলীম উদ্দিন (২০), নুরুল হক (২০), শামশুল আলম (৫০), শফি (৪০) ও রশিদ আহমদ। উপ-পরিদর্শক মিজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। একটি আসামি ছিনতাই, একটি পুলিশের উপর হামলা ও অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.