ফরিদপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এন্টিবায়োটিক ওষুধের লেবেল লাগিয়ে শিশুদের আরেকটি ওষুধ বাজারজাত করার অভিযোগে ফরিদপুরে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিকে আটক করেছে র্যাব।
শহরের ডিআইবি বটতলা এলাকার ভাড়া বাসায় শিশুদের ওষুধ মাইসিন'র বোতলে মাইসেক নামের এন্টিবায়োটিক ওষুধের লেবেল লাগানোর সময় রোববার দুপুরে মো. জামাল নামের এ প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়।
জামাল এমবি ফার্মাসিটিক্যালের প্রতিনিধি। তার কাছ থেকে লেবেল লাগানোর উপকরণ, লেবেল ও ১৬০ বোতল লেবেল লাগানো ওষুধ উদ্ধার করা হয়েছে বলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের মেজর শাহরিয়ার ইকবাল জানান।
তিনি জানান, ক্যাপ্টেন মাইনুলের নেতৃত্বে র্যাবের একটি দল জামালের বাসায় অভিযান চালায়। দলটি জামালের বাসায় গিয়ে দেখতে পায় একটি বালতিতে মাইসিন'র বোতল পানিতে ভেজানো।
জিজ্ঞাসাবাদে জামাল বলেছেন- পানিতে ভিজিয়ে সহজে মাইসিনের লেবেল তুলে ফেলা যায়। পরে ওই সব বোতলের গায়ে নিজের ছেপে আনা মাইসেক'র লেবেল লাগানো হয়।
মেজর ইকবালের ভাষ্যমতে, মাইসিনের দাম ৬০ টাকা। এটি শিশুদের গলার ক্ষত চিকিৎসার পাউডার জাতীয় ওষুধ। জামাল ওষুধের লেবেল পাল্টে মাইসেক'র লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন। মাইসেক শিশুদের এন্টিবায়োটিক জাতীয় ওষুধ এবং এর দাম বোতল প্রতি ৮০ টাকা।
জামাল হাসানকে র্যাব হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24