ঢাকা ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের কারণ ও এর প্রতিকার খুঁজতে মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে এক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলন।
২৪ ও ২৫ ফেব্র"য়ারি রাজধানীর র্যাডিসন হোটেলে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সার্কভুক্ত সাতটি দেশ ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশের নিরাপত্তা বিশ্লেষকরা যোগ দেবেন।
রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বিআইপিএসএস এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামান সাংবাদিকদের সম্মেলনের ব্যাপারে বিভিন্ন কথা জানান।
তিনি বলেন, বিশেষ করে মুম্বাই হামলার পরে এ অঞ্চলে সন্ত্রাসের ভয়াবহতা আরো ভালো করে উপলদ্ধি করা যাচ্ছে। এ কারণেই সার্কভুক্ত দেশগুলোর নিরাপত্তা বিশেষজ্ঞদের সমন্বয়ে সন্ত্রাস বিরোধী একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার।
এ সময়ে বিআইপিএসএসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
'কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি ফর সাউথ এশিয়া ' শিরোনামের এ সম্মেলনে সার্কভুক্ত ৬টি দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, নরওয়ে, স্পেন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা নিরাপত্তার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি।
বিআইপিএসএস প্রেসিডেন্ট মুনীরুজ্জামান বলেন, সম্মেলনে কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে কোন কোন দেশ থেকে সরকারী কোন প্রতিনিধি না আসতে পারলেও সেদেশের বিশেষজ্ঞরা আসবেন। তারা তাদের নিজস্ব গবেষণাপত্র পাঠ করবেন। পরে সবার মতামত সংকলিত করে একটি বই প্রকাশ করা হবে।
সম্মেলনের পরামর্শগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারকে পাঠানো হবে জানিয়ে মুনীরুজ্জামান বলেন, তারা সন্ত্রাসবিরোধী নীতিনির্ধারণে এ থেকে সহায়তা পেতে পারেন।
মুনীরুজ্জামান আরো জানান, তার প্রতিষ্ঠান জঙ্গিবাদের প্রতিকার বিষয়ে একটি গবেষণাপত্র তৈরি করেছে যা সম্মেলনে পাঠ করা হবে। এখানে জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের জন্যে বেশকিছু সুপারিশ রয়েছে।
আলোচিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স প্রসঙ্গে বিআইপিএসএস প্রেসিডেন্ট বলেন, টাস্কফোর্সের বিষয়েও সম্মেলনে আলোচনা হবে। তবে টাস্কফোর্স বিষয়ে সরকার কি চায়, সেটাই এখনো তারা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম /এসআইটি/এসকে/২১২২ঘ.
bdnews24