যশোর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক লাখ পিস রসগোল্লা উপহার দেওয়া হয়েছে।
বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ এবং শেখ হাসিনার সরকারের বিজয়ে শুভেচ্ছা স্মারক এ মিষ্টি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী।
যশোরের বেনাপোল স্থলবন্দরের 'নো-ম্যানসল্যান্ডে' শনিবার সকালে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক মেলায় এ উপহার দেওয়া হয়। মেলাটি দুই বাংলার মিলনমেলায় পরিণত হয়।
সকাল এগারোটায় মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী, লোকসভার সদস্য অমিতাভ নন্দী এবং বাংলাদেশের যশোর-১ এর সাংসদ শেখ আফিল উদ্দিন ও যশোর-২ এর সাংসদ মোস্তফা ফারুখ মোহাম্মদ। মন্ত্রী সাংসদ আফিল উদ্দিনের হাতে স্মারক হিসেবে একটি মিষ্টির প্যাকেট তুলে দেন।
এতে সভাপত্বি করেন আয়োজক কমিটির আব্দুল হক। এই নিয়ে চারবারের মতো স্থলবন্দরে এ মেলার আয়োজন করা হয়। তবে এবার ব্যাপক লোকসমাগম হয়।
মেলায় সকালের আনুষ্ঠানিকতা শেষে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। দুই বাংলার বিপুলসংখ্যক মানুষ এ অনুষ্ঠান উপভোগ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এএনএস/জিএনএ/১৩৫৪ ঘ.
bdnews24