ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)-এর নির্বাচন এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝামাঝি সময়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ডিসিসি নির্বাচন নিয়ে বুধবার কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এটিএম শামসুল হুদা বলেন, "আগামী এপ্রিলে ডিসিসি নির্বাচন আয়োজনের চিন্তা-ভাবনা করছি। এর আগে নির্বাচনের সময়সূচি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।"
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা অনুষ্ঠানের তথ্য নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, এসএসসি ও এইএসসি পরীক্ষার মাঝামাঝি সময়কে নির্বাচনের জন্য উপযুক্ত বলে ধরা হয়েছে। ১৫ ফেব্র"য়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষা। এপ্রিলের ১৫ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। এক্ষেত্রে এপ্রিল-এর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ইসির।
এর আগে মার্চের প্রথম সপ্তাহে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা।
২০০৭ সালের ১৪ মে ডিসিসি নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়।
ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা সিটি কর্পোরেশনের ৯০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৫ লাখ ২৫ হাজার ৪৫৯ জন।
ভোট নেওয়ার সময় ১৯৭০টি ভোটকেন্দ্র ও ৮৭৯৪টি ভোটকক্ষ স্থাপন করা হবে। এরই মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা ওয়ার্ড কমিশনারের অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়ে উপ-নির্বাচন কমিশনার বলেন, "ভোটকেন্দ্র নিয়ে কারো অভিযোগ থাকলে ২৫ ফেব্র"য়ারির মধ্যে তা করতে হবে।"
প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করে গত বছর ৪ আগস্ট মেয়াদোত্তীর্ণ চার সিটি কর্পোরেশন বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হবে ২০১০ সালের ৯ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/১৯২১ঘ.
bdnews24