২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেদন আটকে থাকায় পলিথিন মামলার বিচার পিছিয়ে যাচ্ছে

খোদ পরিবেশ অধিদপ্তরের পলিথিন পরীক্ষার প্রতিবেদন দাখিলের অভাবে এ সংক্রান্ত মামলার বিচার কাজ পিছিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খোদ পরিবেশ অধিদপ্তরের পলিথিন পরীক্ষার প্রতিবেদন দাখিলের অভাবে এ সংক্রান্ত মামলার বিচার কাজ পিছিয়ে যাচ্ছে। এ ধরনের একটি মামলার নির্ধারিত ৮টি তারিখেও তদন্ত কর্মকর্তা পলিথিনের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন দাখিল করতে না পারায় মঙ্গলবার ঢাকার পরিবেশ আদালতের বিচারক তা দ্রুত আদালতে দাখিলের নির্দেশ দেন। মামলাটির নথিপত্রে দেখা যায়, অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে ২০০৭ সালের ১১ জুলাই গোপালগঞ্জ সদর থানায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করা হয়। মামলায় বলা হয়, ঐদিন গোপালগঞ্জ সদরের পুরাতন বাজার রোডের জনৈক মনসুর মৃধার মালিকানাধীন আল মনসুর প্যাকেজিং সেন্টার থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিন হাজার ১৬৫ পাউন্ড পলিথিন উদ্ধার করা হয়। তদন্ত শেষে সদর থানার উপ পরিদর্শক মো. দলিলউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরে বিচারের জন্য ঢাকার পরিবেশ আদালতে পাঠানো হয়। বিচারের শুরুতে বিচারক লক্ষ্য করেন মামলার তদন্ত কর্মকর্তা পলিথিনের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করেননি। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি পর পর আটবার প্রতিবেদন চেয়ে পরিবেশ অধিদপ্তরে চিঠি লিখেছিলেন। কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয় পরীক্ষার জন্য তাদের বাজেট নেই। বিচারক ফউজুল আজিম নিজেই পলিথিনের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাঠানোর জন্য পরিবেশ অধিদপ্তরকে গত ১৫ জানুয়ারি আদেশ দেন। কিন্তু তারা এখনো ওই প্রতিবেদন আদালতে পাঠাননি। বুধবার এই মামলাটির শুনানিকালে আদালতে বিশেষ পাবলিক প্রসিকিউটর খন্দকার দিদারুল ইসলাম জানান, পলিথিনের রাসায়নিক পরীক্ষার যন্ত্র পরিবেশ অধিদপ্তরের নেই। তবে অধিদপ্তরের উপ পরিচালক (গবেষণাগার) মোসা. আক্তারুজ্জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলিথিনের পুরুত্ব মাপার জন্য তাদের মাইক্রো মিটার রয়েছে। কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এজন্য তারা সায়েন্স ল্যাবরেটরীর সাহায্য নেন। তিনি বলেন, খুব সম্ভবত ডাক ব্যবস্থার জটিলতার জন্য এই প্রতিবেদনটি আদালতে পৌঁছাচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের যুগ্ম পরিচালক তথ্য এবং পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে অনেকগুলো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলিথিনকে শপিং ব্যাগ হিসেবে কোন ভাবেই ব্যবহার করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২৩২০ঘ.