২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় কর্মচারিদের ট্রেড ইউনিয়ন আচরণবিধি লংঘন নয়: সংস্থাপন সচিব

সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ট্রেড ইউনিয়ন কার্যক্রম সরকারি কর্মচারি আচরণবিধির লংঘন বলে মনে করেন না সংস্থাপন সচিব এএসএম আলী কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ট্রেড ইউনিয়ন কার্যক্রম সরকারি কর্মচারি আচরণবিধির লংঘন বলে মনে করেন না সংস্থাপন সচিব এএসএম আলী কবীর। সংস্থাপন সচিব মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সঙ্গে তার মন্ত্রণালয়ে মতবিনিময়কালে একথা বলেন। এএসএম আলী কবীর এসময় বলেন, "তারা তো আর সচিবালয়ের ভেতরে মিছিল বা সমাবেশ করছেন না। তারা সীমিত আকারে ট্রেড ইউনিয়ন কার্যক্রম করে থাকেন। আর তাদের কর্মকাণ্ডের ব্যাপারে কোন অভিযোগও আমাদের কাছে নেই।" মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বপ্রণোদিতভাবে কোন ব্যবস্থাও নেওয়া হবে না বলে তিনি জানান। উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই এটি বাস্তবায়িত হবে। এছাড়া জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য 'ডিসি ফিট লিস্ট'ও তৈরি করা হয়েছে। শিগগির এটিও কার্যকর করা হবে। প্রশাসনের রদবদল ও পদোন্নতি এবং কর্মকর্তা ও কর্মচারিদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) তৈরি সংক্রান্ত নতুন কোন নীতিমালা করা হচ্ছে কিনা, এ প্রশ্নের জবাবে সচিব বলেন, আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) নিয়মিত বৈঠকে বসতো না। ফলে যখন পদোন্নতির বিষয়টি আসতো, তখন অনেক চাপ থাকতো। এখন থেকে প্রতি তিন থেকে চার মাস পরপর এসএসবির বৈঠক বসবে। বর্তমান প্রশাসনে অতীতের যে কোন সময়ের তুলনায় ওএসডির সংখ্যা কম বলে উল্লেখ করেন সচিব। তবে ওএসডি একটি নিয়মিত প্রক্রিয়া - এ মন্তব্য করে তিনি বলেন, "তাদের কোন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বা প্রতিহিংসামূলক কারণে ওএসডি করা হয়নি। আর এবার রদবদলও অন্য সময়ের তুলনায় কম হয়েছে।" বিএনপি-জামায়াত জোট সরকারের শেষদিকে যুগ্ম-সচিব হিসেব দায়িত্ব পালনের সময় এএসএম আলী কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারে সময় তিনি চাকরি ফেরত পান। পদোন্নতি পান অতিরিক্ত সচিব হিসেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১২৯ঘ.