২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১৩

জয়পুরহাটে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে মঙ্গলবার দুপুরে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষে মঙ্গলবার দুপুরে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। দুর্ঘটনার পর ইশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। রাত ৭টার দিকে খুলনা-পার্বতীপুর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নয়জন ট্রেনযাত্রী এবং চারজন ট্রাক শ্রমিক। এখন পর্যন্ত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-নওগাঁর বদলগাছী উপজেলার চক তাহের গ্রামের লিটন (৩৫) ও সান্তারহার ইয়ার্ড কলোনির সাবেক নিরাপত্তা প্রহরী উকিল মিয়া (৫৫), রংপুরের পীরগাছার আরিফ মিয়া (৯), সান্তাহারের সাইদ বাবু (১০), পীরগঞ্জের পারভীন (৪০), আক্কেলপুরের লিটন (২২)। আহতদের মধ্যে ৩২ জনকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এদের মধ্যে ২৭ জনকে বগুড়া, রাজশাহী ও নওগাঁয় পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেতারা বেগমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। ২০০৬ সালের ১১ জুলাই জেলার আক্কেলপুর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংযে ট্রেন ও বাসের সংঘর্ষে ৩৫ জন নিহত হয়েছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার কাশিয়াবাড়ি নামক স্থানে গেটবিহীন একটি রেল ক্রসিংয়ে ২৪ ডাউন রকেট মেইল ট্রেন ও বালু বোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। জয়পুরহাট রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি ধাক্কা দিয়ে ট্রাকটি প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিন। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও তিনজন। নিহত ট্রেনযাত্রীরা ইঞ্জিন কক্ষের গেট ও সামনের অংশে বসে ভ্রমণ করছিলেন। এদের প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা মারা গেছেন। তবে তার নাম জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রশিদ মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জয়পুরহাট জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান ও জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার আব্দুল হাকিম। তিনি বলেন, "রেলক্রসিংয়ে গেট না থাকায় এবং ট্রাক চালকের অসর্তকতায় দুর্ঘটনা ঘটতে পারে।" সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্টেশন মাস্টার আব্দুল হাকিম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন ও ট্রাক লাইন থেকে সরানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টা দেড়েক সময় লাগতে পারে। দুর্ঘটনার পর জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে আসা আহতদের মধ্যে ছিলেন- সিদ্দিক (৪২), প্রশান্ত কুণ্ডু (৩২), রাবেয়া (৩২), মমতাজ (৩৫), শফিকুল (৮), বিপ্লব (২৫), মুক্তার (২৮), মাহবুব (২৫), আতাউর (৩৫), আসলাম (২৫), গোলাপী (৩০), বিলকিস (৩৫), মুর্শিদা (৩৫), মজু (৩০), সাইফুল (৩০), আমিনুল (৪৫), লোকমান (৩৫), আসমা (৩০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এখানে ভর্তি করার পর ৩২জনের মধ্যে ১৭ জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ছয়জনকে নওগাঁ এবং চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসাপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। রেলওয়ের কর্মকর্তারা জানান, খুলনা-পার্বতীপুর রেলপথের মধ্যে জয়পুরহাট জেলার বাগজানা থেকে তিলকপুর পর্যন্ত রয়েছে ৪০ দশমিক ৫৩ কিলোমিটার। এর মধ্যে ৩১টি রেলক্রসিংয়ের অধিকাংশই অরক্ষিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/এমএসবি/১৯১৭ ঘ.