ঢাকা ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীতে নির্যাতিত নারী ও শিশুদের আইনি ও সামাজিক সেবা দেওয়ার লক্ষ্যে স্থাপিত 'ভিকটিম সাপোর্ট সেন্টার' মঙ্গলবার থেকে চালু হচ্ছে।
ইউএনডিপির পুলিশ সংস্কার প্রকল্পের অংশ হিসাবে বাংলাদেশ পুলিশ ও দশটি এনজিও-র সমন্বয়ে সেন্টারটি কার্যক্রম পরিচালনা করবে। অপরাধ বা নির্যাতনের ভিকটিমকে সহায়তা দেওয়ার জন্যে দেশে পুলিশ প্রথমবারের মতো এই ধরণের একটি বিশেষায়িত সেবা চালু করল।
পাচার, এসিড হামলা, ধর্ষণ, যৌন নিপীড়ন ও পারিবারিক নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টার থেকে সার্বিক সহযোগিতা পাবেন। এই সেন্টারের মাধ্যমে ভিকটিমকে মনোসামাজিক পরামর্শ,স্বাস্থ্য ও আইনগত সহায়তা দেওয়া হবে। এছাড়া নিপীড়িতের পরিবারের সদস্যদের পরামর্শ সেবা দেওয়া ও জনসচেতনতা সৃষ্টির জন্যও সেন্টারটি কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার দুপুরে তেজগাঁও থানায় স্থাপিত একটি ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন করবেন।
পুলিশ কমিশনার নাইম আহমেদ বলেছেন, নির্যাতনের শিকার নারী ও শিশুরা অনেকেই জানতেন না আইনি সহায়তার জন্যে কোথায় যেতে হবে। এ সমস্যা সমাধানের জন্যেই ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি মন্তব্য করেন, এর মাধ্যমে পুলিশকে জনগণের বন্ধু হিসাবে গড়ে তোলার কাজ আরো একধাপ এগোলো।
আইন ও শালিস কেন্দ্র, এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, এসোসিয়েশন ফর কারেকশন অ্যান্ড স্যোসাল রেক্লেমেশন, অপরাজেয় বাংলাদেশ, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, বাংলাদেশ ন্যাশনাল ওমেন ল'ইয়ার্স এসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, ঢাকা আহছানিয়া মিশন ও মেরী স্টোপস এ সংগঠনের সঙ্গে কাজ করবে।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যত্রও ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০২৭ঘ.
bdnews24