রংপুর, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমিতে সেচ দেওয়ার জন্য তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সলেয়াসার এলাকায় সোমবার কৃষকরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে।
সকাল সাড়ে ৯টা থেকে পাঁচ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরো্েরদর সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। দুপুর আড়াইটার দিকে প্রশাসনের কর্মকর্তারা রাত থেকে পানি সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধ চলাকালে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক, গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই শাহ এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের কথা শোনেন এবং সোমবার রাত থেকে পানি সরবরাহের আশ্বাস দেন।
কৃষকরা জানিয়েছেন, ইরি বোরো মৌসুমে তিস্তা ব্যারেজ থেকে সাব ক্যানেলের সাহায্যে জমিতে পানি সরবরাহ করা হয়। কিন্তু কয়েকদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে গঙ্গাচড়ার সলেয়াসার এলাকার আশপাশের চারটি গ্রামে প্রায় ১০ হাজার একর জমির রোপা ইরি-বোরো ধানের চারা শুকিয়ে যেতে বসেছে।
বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে জানান।
কৃষক রেজাউল করিম ও চান মিয়াসহ অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতের মধ্যে ক্যানেলে পানি না পেলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর- দিনাজপুর মহাসড়ক অবরোধ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, "উজানে ভারত তাদের গজল ডোবা ব্যারেজের সব গেট বন্ধ করে দেওয়ায় তিস্তা নদীতে পানি নেই বললেই চলে।"
তিনি বলেন, "তিস্তা ব্যারেজে এখন দুই হাজার কিউসেক পানিও নেই। গজল ডোবা ব্যারেজের বন্ধ গেট থেকে চুইয়ে যে সামান্য পানি আসছে তা আমরা রেশনিং পদ্ধতিতে বিভিন্ন সাব ক্যানেলে সরবরাহ করছি।"
সোমবার রাতের মধ্যেই পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আব্দুল হাই শাহ বলেন, "কৃষকরা পানির দাবিতে সকাল থেকে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। আমরা গিয়ে পানি সরবরাহের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেয়।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সার্বিক বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার ইউএনও কার্যালয়ে পাউবো, কৃষক প্রতিনিধি ও প্রশাসনের একটি সমন্বয় সভা আহবান করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24