ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু।
বঙ্গবন্ধু এভিনিউর কর্নেল তাহের মিলনায়তনে সোমবার বিকেলে কাজী আরেফের ১০ম মৃত্যুবার্ষিকীর আলোচনা-সভায় তিনি এই দাবি জানান।
এর আগে সকালে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কাজী আরেফের কবরে জাসদ নেতা হাসানুল হক ইনুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।
১৯৯৯ সালের ১৬ ফেব্র"য়ারি কুষ্টিয়ার দৌলতপুরের জাসদ আয়োজিত সন্ত্রাস বিরোধী এক জনসভায় বক্তব্য রাখার সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
সভায় সভাপতির বক্তব্যে ইনু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কাজী আরেফের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ''কাজী আরেফের হত্যাকারীর বিচার করতে হবে। ১০ বছর হয়ে গেলেও তার হত্যাকারী কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।"
তিনি বলেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্যমূলক হস্তক্ষেপের ফলে এখন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার করা যায়নি। যতদিন খুন ও যুদ্ধাপরাধীর বিচার হবে না, ততদিন দেশে গণতন্ত্র নিরাপদ থাকবে না।''
আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সহসভাপতি শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নাজমুল হক প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৮২৮ঘ.
bdnews24