কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ জেলা শহরে সোমবার ট্রাকচাপায় প্রভা রানী রায় (৬৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সকালে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে একটি খালি ট্রাক (কিশোরগঞ্জ-ট-০২-০০০৩) আবাসিক এলাকা নগুয়ায় অবস্থিত হরেন্দ্র রায়ের বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে।"
তিনি বলেন, "হরেন্দ্র রায়ের স্ত্রী প্রভা রানী রায় এ সময় গৃহস্থালী কাজ করছিলেন। ট্রাকের চাপায় তার মাথা ও পেটে মারাত্মক জখম হয়। তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।"
নিহত প্রভা রানী চার ছেলে ও তিন মেয়ের মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24