গাজীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএ ও বিএসএস-এর আগের পরীক্ষার ফল না দিয়েই পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।
আগামী ২০ ফেব্র"য়ারি থেকে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়েছেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. সফিউল আলম।
গত বছরের জুনে গত সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। পরবর্তী সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে আগের পরীক্ষায় অকৃতকার্যরা পরীক্ষা দেওয়ার একটি সুযোগ থেকে বঞ্চিত হবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিএ/বিএসএস শ্রেণীর শিক্ষার্থীরা এর আগে স্ব স্ব কেন্দ্রেই পরীক্ষা দিতেন কিন্তু কোনো কারণ ছাড়াই কর্তৃপক্ষ কেন্দ্র পরিবর্তনের ঘোষণা দেন। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে পরিবর্তনের কথা জানতে পারেন। সে ক্ষেত্রে তাদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয় না।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. সফিউল আলম ফল প্রকাশে বিলম্ব হওয়ার কথা স্বীকার করে বলেন, "সেশন জট কমানোর লক্ষ্যেই ফল প্রকাশের আগে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু করা হচ্ছে।"
পরীক্ষা পদ্ধতি ম্যানুয়াল হওয়া এবং দীর্ঘ দিন ধরে পরীক্ষা চলা বিলম্বের অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।
অল্প কিছুদিনের মধ্যে ফলাফল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতির আওতায় আনা হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, "বাউবিতে এখন তিন বছরের সেশনজট রয়েছে।"
মো. সফিউল আলম জানান, গত সেমিস্টারের ফলাফল ২০ ফেব্র"য়ারির পর যেকোনো দিন প্রকাশিত হবে এবং ওই পরীক্ষায় অকৃতকার্যরা নভেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৭ঘ.
bdnews24