চাঁদপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের দুটি উপজেলার তিন গ্রামের আট বাড়িতে শনিবার রাতে ডাকাতি হয়েছে। গ্রামগুলো হল-হাজীগঞ্জ উপজেলার হরিপুর ও কাকৈরতলা এবং শাহরাস্তির সিখটিয়া।
ডাকাতরা স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে। এ সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ছয়জন।
আহতরা হলেন- কাতৈরতলা গ্রামের মোস্তফা কামাল ওরফে ডিলার মোস্তফা (৫০), মফিজুল ইসলাম (৫২), মোরশেদ আলম (৩০), আমির হোসেন কালু (৩৫), আরব গণি (২৮) ও নূরানী মাদ্রাসার হাফেজ আইয়ুব আলী। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪/১৫ জনের একদল ডাকাত শাহরাস্তির সিখটিয়া গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে ডাকাতি শুরু করে। এরপর হরিপুর গ্রাম দিয়ে তারা হাজীগঞ্জ উপজেলায় প্রবেশ করে। এ গ্রামে তারা শামছুল আলম, আবু সুফিয়ান, শহীদ পাটওয়ারী, আলী আজ্জম, নূরুজ্জামান, আবুল হোসেন ও দুলাল পাটওয়ারীর বাড়ি থেকে নগদ টাকা ও মালামাল লুট করে।
তিনি বলেন, "উপজেলার মুড়া গ্রামের একটি সেতুর নিচ থেকে রোববার সাতটি দেশীয় চাপাতি ও একটি টুলবক্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- এসব দেশীয় অস্ত্র ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছে।"
হাজীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কাতৈরতলা গ্রামের বাসিন্দা এবং কাকৈরতলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা শামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টায় দরজা ভেঙ্গে ডাকাতরা তার ঘরে ঢোকে। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ এক লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে এবং ডাকাতরা তার স্ত্রী আমেনা বেগমকে মারধর করে বলেও দাবি করেন তিনি।
ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ছয়জন গুরুতর আহত হন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজ উল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার এলাকায় একটি এবং হাজীগঞ্জের সাতটি বাড়িতে ডাকাতি হয়েছে। তবে আমার এলাকায় ডাকাতির ঘটনায় কেউ হতাহত হয়নি।"
তিনি বলেন, ডাকাতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। প্রস্তুতি চলছে মামলা দায়েরের।
চাঁদপুরের পুলিশ সুপার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতি সংঘটিত হওয়া গ্রামগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনি/িডিডি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24