রাজশাহী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাস চালক রিপন (৩৫) এবং যাত্রী মোজাফ্ফর আলী (৪০)।
আহতদের মধ্যে শাসুূল ইসলাম (২৮), নাসিম আহম্মেদ (২৫), আব্দুল বারী (৫০), মহিবুল্লা (৩৫), এমদাদ (৪০), মারজান (১০), হাফেজ ইউনুস (৪০), শামসুল আলী (৪০), বদরুজ্জামান (৩০), আনোয়ারুল ইসলাম (৫৫), ময়েন উদ্দিন (৬৫), আরাফা (৮), মাকসুদ আলী (৬০), আব্দুল কাশেম (৪০), ফরিদুর রহমান (৬০), আজিবর রহমান (৪৫), আব্দুস সামাদ (৩৫), এবং ট্রাক যাত্রী নাসির উদ্দিন (২৫) ও শামসুল ইসলামকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি।
নিহত মোজাফ্ফরসহ বাসের যাত্রীরা রাজশাহীতে দুদিনের তাবলিগ জামাত শেষে সাতক্ষীরা ফিরছিলেন। নগরীর নওদাপাড়ায় ট্রাক টার্মিনালে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত দু'দিনের তাবলিগ ইজতেমা আয়োজন করা হয়েছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, সকাল সাতটার দিকে মহাসড়কে পুঠিয়ার সেনভাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক রিপন এবং হাসপাতালে নেওয়ার পর বাসযাত্রী মোজাফ্ফর আলী মারা যান।
পুঠিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১০ ঘ.
bdnews24