২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দলীয়করণের উর্ধ্বে উঠে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে'

পুলিশ বাহিনীকে দলীয়করণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

গাজীপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশ বাহিনীকে দলীয়করণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, "গণতন্ত্রকে সুসংহত করার জন্য আইনের শাসনের বিকল্প নেই। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, "বিগত জোট সরকার পুলিশকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল।" মতবিনিময় সভায় বক্তারা কাপাসিয়া থানাকে মডেল থানায় রূপান্তর, জনবল বৃদ্ধি, চারটি স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানান। স্থানীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. গাজী মো. সাইফুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. বোরহানউদ্দিন ভূঞা, পুলিশ সুপার অ ব বাতেন, কাপাসিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিন বক্তব্য রাখেন। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে একটি পাইলট প্রকল্প নিয়ে বিভিন্ন হাট বাজারের নেতাদের সঙ্গে কথা বলেন। বিকেলে স্থানীয় ছাত্রলীগ প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.