ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় নিহতদের লাশের সুরতহালের সাক্ষী ইকবাল হাসান টুটুলের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক সাক্ষ্য নেয়ার পরবর্তী তারিখ ধার্য্য করেন আগামী ১৮ ফেব্র"য়ারি।
আলোচিত ও স্পর্শকাতর মামলা দু'টির ৪০৮ সাক্ষীর মধ্যে মাত্র দু'জনের সাক্ষ্য নেওয়া শেষ হলো।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতে জানান, আগামী তারিখে অভিযোগপত্রভুক্ত রাষ্ট্রপক্ষের ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর সাক্ষী যথাক্রমে কবির উদ্দিন শিকদার, মো. আক্কাস, মো. সালাম ও রিক্সাচালক মো. সোলেমানকে তিনি আদালতে হাজির করবেন।
উল্লেখ্য, মৌচাক মার্কেটের ব্যবসায়ী টুটুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার দিন রাতে অজ্ঞাত পরিচয়ের ৮টি লাশের সুরতহাল রিপোর্টে স্বাক্ষর করেন বলে সাক্ষ্য দেন।
তিনি তার সাক্ষ্যে বলেন, নিহত ৮ জনের আত্মীয়-স্বজনের কেউ তখন হাসপাতাল মর্গে ছিলেন না। জবানবন্দী দেয়ার পর আসামী পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
এ সময় মামলার কারাগারে থাকা আসামী জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতী আ. হান্নানসহ ১৪ আসামীকে আদালতে হাজির করা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গত ১১ জুন হত্যা ও বিস্ফোরণের পৃথক দুই মামলায় সিআইডি ২২ জনকে অভিযুক্ত করে পৃথক দু'টি অভিযোগপত্র দাখিল করে।
৮ আসামী পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/১৫৩৮ঘ.
bdnews24