ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পুরনো ঢাকার এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে এস এ পরিবহনের এক কর্মচারিসহ ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এস এ পরিবহনের মহাখালী রসুলবাগ শাখা থেকে তাদের আটক করে।
বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মামুন মোল্লা (২২), ফরিদ আল মাহমুদ ওরফে রাজু (২৫), মিজানুর রহমান (২৫), সুমন খন্দকার (২২), মাসুম খন্দকার (২৪), আলাল মিয়া (২৮) ও শিমুল মিয়া (২৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী শহীদের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিজানুর এস এ পরিবহনের রসুলবাগ শাখার কর্মচারি।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন অপারেটরের সিমসহ ৫টি মোবাইল ফোন সেট, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার রশিদ এবং বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা আদায় সংক্রান্ত একটি তালিকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/০০২৩ঘ.
bdnews24