ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মিরপুরে তৈরি পোশাকের একটি কারখানায় অগ্নিকাণ্ডের আতঙ্কে ছোটাছুটির সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে সাত মহিলা শ্রমিক আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টা ও সোয়া ৫টার দিকে দুই দফায় মিরপুর ১৪ নম্বর সেকশনের লোডস্টার ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা ছোটাছুটি করে নামতে গিয়ে আহত হন।
প্রতিষ্ঠানের হিসাব বিষয়ক কর্মকর্তা এমরান হোসেন জানান, বিকেল পৌনে ৪টার দিকে একবার কারখানায় অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়ে। তা থামতে না থামতেই বিকেল সোয়া ৫টার দিকে কারখানায় সামান্য আগুন লাগলে শ্রমিকরা ছোটাছুটি শুরু করে দেয়। এতে সাত শ্রমিক আহত হন।
কারখানায় ১২শ' শ্রমিক কাজ করেন বলে জানিয়েছেন এমরান হোসেন।
কাফরুল থানার উপ--পরিদর্শক আরশাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে প্রতিষ্ঠানটির ট্রান্সফরমারে সামান্য আগুন লেগেছিল। কিন্তু তা ২ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলে কারখানার লোকজন। কিন্তু এই আগুনের জন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা চীৎকার শুরু করে দেন। হুড়োহুড়ি করে নামার সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে সাতজন আহত হন। এসময় আশেপাশের কারখানাগুলো থেকেও শ্রমিকরা ছুটে আসেন।
আহতরা হলেন খাদিজা (২১), ইয়াসমিন (১৯), তানজিলা (৩৫), সাথি (২১), রোজিনা (১৭), তমালিকা (২২) ও আরজিনা (১৯)।
তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন রয়েছেন।
তবে কারখানায় আগুন লাগার বিষয়ে দমকল সদর দপ্তর কিছু জানে না বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২২০ঘ.
bdnews24