২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সারাদেশের অধিকাংশ ব্যাটালিয়ন সদর দপ্তর ও সীমান্ত ফাঁড়িগুলোতে বিদ্রোহ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার বিভিন্ন স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সারাদেশের অধিকাংশ ব্যাটালিয়ন সদর দপ্তর ও সীমান্ত ফাঁড়িগুলোতে বিদ্রোহ ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার বিভিন্ন স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বুধবার পিলখানায় বিদ্রোহের ঘটনায় আট সেনা কর্মকর্তা ও তিনজন বেসামরিক লোকসহ বেশ কয়েকজন হতাহত হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, খুলনা, সাতক্ষীরা, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, বান্দরবানসহ অধিকাংশ রাইফেলস্ ব্যাটালিয়নের জওয়ানরা বিদ্রোহ করে। সংশ্লিষ্ট স্থলবন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীদের বরাত দিয়ে বিডিনিউজ ২৪ ডটকম'র প্রতিনিধিদের পাঠানো খবর: বাংলাবান্দা: বিডিআর বিদ্রোহে পঞ্চগড়ের তেতুঁলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে সারাদিন আমদানি রপ্তানি বন্ধ ছিল। সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুর রহমান জানান, আতঙ্কে কেউ বন্দরে যাননি বলে পণ্য আনা নেওয়া বন্ধ ছিল। আখাউড়া: দুপুর ১২টায় বিডিআর জওয়ানদের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বন্দর কর্মকর্তা ইমতিয়াজ জানান, হঠাৎ করে বিডিআর জওয়ানরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল: বিডিআর বিদ্রোহের কারণে সকাল থেকে বেলা ৫টা পর্যন্ত বেনাপোল চেকপোষ্টের বিপরীতে পেট্রাপোলে বিএসএফ চেকপোষ্ট সংলগ্ন প্রধান ফটক বন্ধ করে দেয় বলে জানান, বেনাপোল স্থলবন্দর কাস্টমসের কার্গোর শাখার কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি জানান, এ কারণে বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ ছিল। এ সময় কোন পাসপোর্টধারী যাত্রীও যাতায়াত করতে পারেননি। বেলা ৫টার পরে বিএসএফ চেকপোস্ট খুলে দিলে সন্ধ্যা ৭টা পর্যন্ত পণ্য আনা-নেওয়ার কাজ হয়। এছাড়া দু'দেশের বেশকিছু যাত্রীও যাতায়াত করেন। বুড়িমারী: লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে বিডিআর চেকপোস্ট বন্ধ করে দেওয়ায় সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারক হুমায়ুন সওদাগর। সোনা মসজিদ: বিদ্রোহের পর বিডিআর জওয়ানরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সুলতানগঞ্জ ক্যাটেল করিডোরে ব্যারিকেড দেয়। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাটেও অনুরূপ ব্যারিকেড দেয় তারা। এতে জেলার চারটি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনার প্রভাব পড়ে সোনামসজিদ স্থলবন্দরেও। বন্দরে সারাদিনই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সকালে স্থল বন্দরের অদুরে বিডিআর ফাঁড়ির সামনে মহাসড়কে ব্যারিকেড দেয় বিডিআর জওয়ানরা। এ কারণে বন্দর থেকে কোন পণ্য দেশের অভ্যন্তরে যেতে পারেনি বলে জানান, সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের উপব্যবন্থাপক বেলাল হোসেন। ভোমরা: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ হয়ে ছিল বলে জানিয়েছেন বন্দরের সিঅ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু। তিনি জানান, সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙা এবং এপারে ভোমরা স্থলবন্দরে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৪