২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো একুশে বইমেলা

বিডিআর বিদ্রোহের আতঙ্ক বই মেলার শেষ কয়েকটা দিনের ওপর কালো ছায়া ফেললেও তা শেষ পর্যন্ত ভালোয় ভালোয় শেষ হলো। শনিবার মেলায় আসা শত শত মানুষের মুখে শঙ্কার ছাপ আর ছিলো না। শেষ মুহূর্তের বই দেখা আর কেনায় উৎসাহেরও কমতি ছিলো না তাদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের আতঙ্ক বই মেলার শেষ কয়েকটা দিনের ওপর কালো ছায়া ফেললেও তা শেষ পর্যন্ত ভালোয় ভালোয় শেষ হলো। শনিবার মেলায় আসা শত শত মানুষের মুখে শঙ্কার ছাপ আর ছিলো না। শেষ মুহূর্তের বই দেখা আর কেনায় উৎসাহেরও কমতি ছিলো না তাদের মধ্যে। মাসব্যাপী বই মেলার শেষ দিনের বিকেল থেকেই সবসময় বাজতে থাকে বিদায়ের সুর। একবছরের জন্য প্রাণের মেলাকে বিদায় দিতে হু হু করে ওঠে পাঠক লেখক আর প্রকাশকদের বুক। মেলার সমাপনী অনুষ্ঠানে বিডিআর সদর দপ্তরে অনাকাঙ্খিত ঘটনার জন্য এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "এবার যারা মেলায় এসেছেন তাদের সবার হাতেই বই দেখা গেছে। এর অর্থ তারা ঘুরতে নয়, বই কিনতেই এসেছেন।" ভবিষ্যতে মেলা আরো সুশৃঙ্খল ও সুন্দর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে স্টলের সজ্জার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। সজ্জার ক্ষেত্রে সেরার পুরস্কার দেওয়া হয় অন্যপ্রকাশ-কে। দ্বিতীয় সেরা নির্বাচিত হয় স্টুডেন্ট ওয়েজ এবং তৃতীয় স্থান অধিকার করে মুক্তধারা। অন্যপ্রকাশের সিরাজুল কবির চৌধুরী, স্টুডেন্ট ওয়েজের লিয়াকত মোল্লা এবং মুক্তধারার জওহরলাল সাহার হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেন অধ্যাপক কবীর চৌধুরী। সাজসজ্জার জন্যে মার্কেন্টাইল ব্যাংক এবং ব্যবস্থাপনা সহযোগী হিসেবে স্টেপ মিডিয়াকেও সম্মাননা দেওয়া হয়। অমর একুশে বই মেলার আয়োজক বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বললেন, পুরো মেলা প্রাঙ্গন সমান করে সবুজ ঘাস দিয়ে ঢেকে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। এছাড়া মেলার আয়তন বাড়ানোর কথা সবসময়ই মাথায় রাখতে হবে। মেলা পরিচালনার জন্য সরকারের কাছে আলাদা তহবিলের জন্যও আবেদন করা হবে বলে জানালেন তিনি। দৃশ্যত বিপুল বিক্রি সত্ত্বেও হিসেবে দেখা যাচ্ছে অন্তত টাকার অঙ্কে গতবারের চেয়ে বই কিছু কমই বিক্রি হয়েছে। মেলার সদস্য সচিব শাহিদা খাতুন জানান, এবার মোট ১৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গতবছর এই অঙ্ক ছিলো ২০ কোটি। তবে মেলায় নতুন বই এসেছে মোট ২৭৪১ টি যা গত বছরের তুলনায় প্রায় ২০০ বেশি। বাংলা একাডেমীর বই বিক্রি হয়েছে ৫৮ লাখ ১৬ হাজার টাকার যা গতবারের তুলনায় ১০ হাজার টাকা কম। মেলার শেষ দিনে নতুন বই এসেছে ৭৯ টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/টিআর/এসকে/২২৫২ঘ.