২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের বাইরের লোকের জড়িত থাকার আলামত মিলেছে: আশরাফ

বিডিআর বিদ্রোহের ঘটনা 'পূর্ব পরিকল্পিত' হিসেবে দাবি করেছেন এলজিআরডি মন্ত্রী এবং আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - বিডিআর বিদ্রোহের ঘটনা 'পূর্ব পরিকল্পিত' হিসেবে দাবি করেছেন এলজিআরডি মন্ত্রী এবং আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক যৌথ সভার পর সৈয়দ আশরাফ এ অভিমত দেন। সাংবাদিকদের তিনি বলেন, " সরকারের কাছে কিছু আলামত এসেছে যাতে প্রতীয়মান হয় যে বিডিআরের বাইরের কিছু লোক এ ঘটনার সঙ্গে জড়িত ছিল। তদন্তের পর প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেয়ার রোডের সরকারি বাসভবনে রাত ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠকে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "দায়ী প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।" এই ঘটনাকে 'অনাকাঙ্খিত' ও 'বর্বর' আখ্যায়িত করে তিনি বলেন, "এর বর্ণনা করার ভাষা আমাদের নেই। আমরা যাদের হারিয়েছি তারা আমাদের সম্পদ। যে অপূরণীয় ক্ষতি হয়েছ তা পূরণ করতে অনেক সময় লাগবে।" সৈয়দ আশরাফ আরো বলেন, "বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য আইনমন্ত্রীকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। কোন আইনের কোন ধারায় বিচার হবে তা মন্ত্রীসভায় পেশ করে বিল আকারে সংসদে এনে তড়িৎ গতিতে বিচার কাজ শুরু করা হবে।" ইতোমধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু পরিবর্তন আনা হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিটি করা হবে এবং তারা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন। স্থানীয় সরকার মন্ত্রী জানান, নিহত সেনা সদস্যদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে। প্রত্যেক নিহত সেনার পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তাদের পুরো পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। এছাড়া এ ঘটনায় অন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সরকার সহযোগিতা করবে। আওয়ামী লীগের মুখপাত্র আরও বলেন, নতুন মহাপরিচালকের নেতৃত্বে ইতোমধ্যেই বিডিআর এর পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সীমান্ত সুরক্ষিত আছে বলেও উল্লেখ করেন তিনি। আশরাফ বলেন, "এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সেনাবাহিনী পাঠান। কিন্তু একটা জায়গায় সেনাবাহিনী যেতেও কিছু যৌক্তিক সময় লাগে। সেনাবাহিনীর সদস্যরা পৌঁছার আগেই পিলখানায় যা ঘটার তা ঘটে গেছে। এরপর আমাদের প্রধান লক্ষ্য ছিল সেখানে যারা অবরুদ্ধ আছে তারা যেন অক্ষত থাকেন।" মন্ত্রী বলেন, বিডিআর সদর দপ্তর ছাড়া সাধারণ জনগণের নিরাপত্তার কথাও চিন্তা করে ত্বরিত গতিতে সমস্যার সমাধান করা হয়েছে। বিশে^র সব গণতান্ত্রিক দেশ এ বিষয়ে একমত প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, "সেনা অভিযান চললে এখন অনেকেই যারা রক্ষা পেয়েছেন তারা হয়তো রক্ষা পেতেন না।" এ নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই মন্তব্য করে আশরাফ অভিযোগ করেন, "কিছু কিছু রাজনীতিক ভিন্ন কথা বলে সমস্যা তৈরি করতে চাচ্ছেন।" এ সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সবাইকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকার শোক দিবস ঘোষণা করায় সরকারি কার্যালয়ে কালো পতাকা তোলা হয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/ডিডি/এসকে/১১৩৯ঘ.