ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহ অবসানের পর গত তিনদিনে বাইরে পালিয়ে থাকা মোট ২২০ জন বিডিআর জওয়ানকে আটক করেছে র্যাব ও পুলিশ।
আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকা ও গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
এরমধ্যে ঢাকা মহানগর থেকে ১২১ জন এবং বাকিদের ঢাকার বাইরে পালিয়ে যাওয়ার সময় গাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১১৪ জন এবং শনিবার সাতজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার পর্যন্ত মীরপুর থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৩৫, দারুসসালাম থানায় ২০জন, পল্লবী থানায় ২০ জন ও লালবাগ থানায় ৫ জনকে সোপর্দ করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ গ্রেপ্তার করে এক জওয়ানকে।
৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।
এর বাইরে আরও বিডিআর সদস্যকে আটক করে ধানমণ্ডির আবাহনী মাঠে অস্থায়ী সেনাক্যাম্পে রাখা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/জিএমএ/এএল/এসকে/২১৫৫ঘ.
bdnews24