কক্সবাজার, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'গণতন্ত্র ও জবাবদিহিতার দক্ষিণ এশিয়া' শীর্ষক সপ্তম দক্ষিণ এশীয় মুক্ত মিডিয়া সম্মেলন মঙ্গলবার কক্সবাজারে শুরু হয়েছে।
দুই দিনব্যপী এ সম্মেলনে সার্কভূক্ত আটটি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মঙ্গলবার সকালে কক্সবাজারের হোটেল সী-গালে এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, "আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী। বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, মুক্ত মিডিয়াই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে এবং পথ দেখাতে পারে।"
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন অধ্যাপক ইমতিয়াজ আলম।
সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন (সাফমা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব জাহিদুজ্জামান ফারুক জানান, বাংলাদেশসহ সার্কভূক্ত ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এদের মধ্যে অন্তত ১২০ জন বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রয়েছেন।
সাফমা'র বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার শ্রীকৃঞ্চ মূর্তি, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার আজিজ মোহাম্মদ খান ও সাফমা'র বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব জাহিদুজ্জামান ফারুক।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক আমার দেশের সাবেক সম্পাদক আমানুল্লাহ কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের নেতারা ছাড়াও অন্যান্য মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১০ ঘ.
bdnews24