পাবনা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলার চরকামালপুরে সোমবার দুপুরে চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের বন্দুকযুদ্ধে মৃতের সংখ্যা দু'জন বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। নিহতরা হলেন মুন্না ও হায়াত আলী।
ভেড়ামারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১১টায় তারা মারা যান।
পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, "ঘটনার পর পরই পুলিশ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকামালপুর, চরগড়গড়ি, চরপ্রতাপপুর, চরদাদাপুর, চরমাধিয়া ও লক্ষীকুণ্ডার চরে অভিযান চালিয়ে আওয়মী লীগের নেতাকর্মীসহ ১৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় শতাধিক ফালা, বলম, সড়কি, লাঠিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।"
ঘটনার পরপর চর এলাকায় একজন এসআইয়ের নেতৃত্বে ১৫ সদস্যের পুলিশ দিয়ে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরো জানান, অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত।
সোমবার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, "দুপুর দেড়টার দিকে উপজেলার চরকামালপুর, চরগড়গড়ি, চরমাধিয়া ও লক্ষ্মীকুণ্ডার চরে জমি দখলকে কেন্দ্র করে পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান শরীফ ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান মোল্লার সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।"
এতে ঘটনাস্থলেই চর কামালপুরের আয়ুব প্রামানিক (৪০) ও রশিদ প্রামাণিক (৫৫) নিহত হয়। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আমিন (৪০), শিরজান (৪০) ও চরকৈগণ্ডা গ্রামের মোসলেম উদ্দিন (৪০) মারা যায়। এ ছাড়া ২০ ব্যক্তি আহত হয়।
রাতে পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির ও পুলিশ সুপার জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে ঐ এলাকায় ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/জিএনএ/১১৪০ ঘ.
bdnews24