ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করে ফলাফল প্রত্যাখান করে আবার নির্বাচনের দাবি করেছেন সমিতির সাবেক সভাপতি ও প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী আহমেদ শরীফ।
সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় প্যানেলের সদস্য শিল্পী নাদের খান ও রিনা খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ গত ৬ ফেব্র"য়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নয়টি 'সুনির্দিষ্ট অনিয়ম' এবং বিদায়ী কমিটির কথিত দুর্নীতির চিত্র তুলে ধরেন।
তিনি জানান, নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের জন্য তারা আদালতের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে এ ব্যাপারে তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের জন্যও চেষ্টা করছেন।
৬ ফেব্র"য়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে অভিনেতা আহমেদ শরীফ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি মিজু আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২০৩ঘ.
bdnews24