চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষায় রেফার্ড পদ্ধতি বাতিল এবং খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা সোমবার দুপুরে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে।
অবরোধের ফলে নগরীর ব্যস্ততম বায়েজিদ বোস্তামী সড়কে প্রায় আধঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে কোনো প্রকার ভাঙচুর ছাড়াই অবরোধ কর্মসূচি শেষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে এবং রেফার্ড পরীক্ষার নতুন নীতিমালা বাতিলের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে।
এক পর্যায়ে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা মিছিল সহকারে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের সময় শিক্ষার্থীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেয়। তবে পুলিশের সঙ্গে আলাচনার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
তিনি জানান, সড়ক অবরোধের সময় ইনস্টিটিউটের কিছু শিক্ষক এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে এবং দাবি-দাওয়ার বিষয়টি স্মারকলিপির মাধ্যমে জানাতে বলেন। শিক্ষার্থীরা এতে রাজি হয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র রাসেল মাহমুদ সাংবাদিকদের বলেন, "আমরা খুলনা পলিটেকনিকের ঘটনার প্রতিবাদ জানাতে বায়েজিদ বোস্তামী সড়কে প্রতীকী অবরোধ করি। কোনো ছাত্র সংগঠন তাদের নেতৃত্বে ছিল না বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24