ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ে রদবদল শুরু হয়েছে।
প্রথমদিনে একযোগে নয়জন ইপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।
এছাড়াও একজন উপ-সচিব ও একজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব রদবদল করে।
কুমিল্লার চৌদ্দগ্রামের ইউএনও আবু মোমতাজ মো. সাদ'উদ্দিন আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি শাখায় ন্যস্ত করা হয়েছে।
পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদকে বরিশালের বানারীপাড়া, মৌলভীবাজারে কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে হবিগঞ্জের বাহুবল, পিরোজপুরের মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন মাতুব্বরকে ঝালকাঠির কাঠালিয়ার ও খুলনা সদরের সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনকে খুলনার ডুমরিয়ার ইউএনও নিয়োগ করা হয়েছে।
হবিগঞ্জের বাহুবলের ইউএনও আব্দুস সাত্তার শেখকে মৌলভীবাজারের জুড়ি, বরিশালের বানারীপাড়ার ইউএনও মোস্তফা জামানকে সাতক্ষীরা আশাশুনি, লালমনিরহাটের পাটগ্রামের কাজী আবু তাহেরকে কুমিল্লা সদরে ও নওগাঁর মান্দার ইউএনও বিপুল চন্দ্র বিশ্বাসকে মাদারিপুরের শিবচরের ইউএনও হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে বিআরটিএ'র পরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব মুন্সী সাহাবুদ্দীন আহমেদকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন আফরোজকে বদলি করে বিসিএস প্রশাসন একাডেমীর উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/১৯১৭ ঘ.
bdnews24