ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড এ বাউচারের প্রস্তাবকে 'সন্দেহজনক' বলে মন্তব্য করে প্রস্তাবটির পুরো ব্যাখ্যা দাবি করেছে বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল এবং সম্পদ রক্ষা জাতীয় কমিটি।
সোমবার এ বিষয়ে সংগঠনটির এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, "৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটি সমুদ্র অঞ্চল ও সম্পদ বিষয়ে সরকারের কাছে ১৩ দফা দাবি পেশ করে। সেখানে সমুদ্রসীমা রক্ষা ও সমুদ্র সম্পদ পাহারাদারীর জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীকে শক্তিশালী করার সুস্পষ্ট দাবি রয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।"
প্রসঙ্গত, বাউচার রোববার ঢাকা ছেড়ে যাওয়ার সময়ে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ সম্মেলনে সুমদ্রসীমার নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায় বলে একটি প্রস্তাব দেন।
বিবৃতিতে সরকারের কাছ থেকে পুরো প্রস্তাবটি দেশবাসীকে অবহিত করতে এবং এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করার দাবি করা হয়।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল এবং সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ, কমোডোর মো. খুর্শেদ আলম, বিচারপতি গোলাম রাব্বানী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক রমজুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক একিউএম মাহাবুব, প্রকৌশলী ম. ইনামুল হক ও অ্যাডভোকেট শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৬৫৮ ঘ.
bdnews24