২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে মার খেয়েছে ৪ পুলিশ

বিধি-বহির্ভূত কাজ করা নিয়ে বিতণ্ডার জের ধরে পুলিশের ডিসিপ্লিনারি টিমের ৪ সদস্যকে পিটিয়েছে তাদেরই সহকর্মীরা। আহত চারজনের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন) ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিধি-বহির্ভূত কাজ করা নিয়ে বিতণ্ডার জের ধরে পুলিশের ডিসিপ্লিনারি টিমের ৪ সদস্যকে পিটিয়েছে তাদেরই সহকর্মীরা। আহত চারজনের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন) ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গোয়েন্দা অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মহানগর পুলিশের ওভারসাইট সার্ভিস বিভাগের এসআই মোজাম্মেলের নেতৃত্বে ৪ জনের একটি দল শাহবাগ থানায় যায়। থানায় 'রাইটার' ব্যবহার নিষিদ্ধ হলেও তারা ফিরোজ নামের এক উপ পরিদর্শককে (এসআই) রাইটার দিয়ে কাজ করাতে দেখেন। রাইটাররা এসআইদের পক্ষে মামলার নথিপত্র লিখে থাকে। কিন্তু বেশ কিছুদিন আগে থানায় রাইটার ব্যবহার নিষিদ্ধ করা হয়। এডিসি মাসুদুর রহমান জানান, রাইটার ব্যবহারের বিষয়টি প্রমাণের জন্যে ভিডিও করার চেষ্টা করলে পুলিশ সদস্যদের সঙ্গে ভিজিল্যান্স টিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে থানায় কর্মরতরা ওই টিমের ৪ সদস্যকে আটকে বেদম পিটুনি দেয়। মাসুদুর জানান, পরে তাদের হাজতে আটকে রেখে ৪ ছিনতাইকারীকে ধরা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেওয়া হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে এসআই মোজাম্মেল ও কন্সটেবল ফরিদউদ্দিনকে রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার ওভারসাইট সার্ভিসের দেখভাল করে থাকেন। এই বিভাগের সদস্যরা মহানগরীর পুলিশ সদস্যদের অনিয়ম ও দুর্নীতি গোপনে অনুসন্ধান করে থাকে। খোদ থানার ভেতর ডিসিপ্লিনারি টিমের সদস্যদের মার খাওয়ার খবর শুনে রমনা ও ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা শাহবাগ থানায় যান। তারা সংশ্লিষ্টদের সাক্ষ্যও গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/টিআর/এসকে/২৩৪৯ঘ.