চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম বন্দরে আসার পথে শুক্রবার দুপুরে পানামার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের তিন নাবিক মারা গেছেন। জাহাজের ট্যাংকারে পড়ে গিয়ে এরা মারা যান।
জং ওয়াই ই-৬ নামের এ জাহাজটি শনিবার সকাল সাড়ে দশটায় চট্টগাম বন্দরে ভিড়লে কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়।
নিহতরা হলেন- জাহাজটির প্রধান কর্মকর্তা প্যান কোয়েশাং (৩৭), থার্ড ইঞ্জিনিয়ার চু লিয়াং শাং (৪১) ও ফিটার জু জিয়াং বিং (২৬)। এরা সবাই চীনের নাগরিক।
বন্দর রেডিও কন্ট্রোল থেকে জানানো হয়, পানামার পতাকাবাহী এমটি জং ওয়াই ই-৬ নামের এ জাহাজটি শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগাম বন্দরে আসে। পরে জাহাজের কর্মকর্তারা তিন নাবিকের মৃত্যুর বিষয়টি জানালে পতেঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পতেঙ্গা থানার উপ পরিদর্শক নিজামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১টার দিকে এই তিন নাবিক একটি ট্যাংকারে পড়ে মারা যান। ওই সময় জাহাজটি মিয়ানমার থেকে পঞ্চাশ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল বলে জাহাজের কর্মকর্তারা জানিয়েছেন।
তিনি জানান, জাহাজের কর্মকর্তারা পুলিশকে বলেছেন- পরিষ্কার করার জন্য ওই তিন নাবিক ট্যাংকারে নামতে চেয়েছিলেন।
নিজামুল জানান, নিহতদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে মরদেহ সংরক্ষণের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24