২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের মহিলা টয়লেট থেকে শুক্রবার বিকেলে এক নবজাতক কন্যা শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের মহিলা টয়লেট থেকে শুক্রবার বিকেলে এক নবজাতক কন্যা শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের এ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার মহিলা টয়লেটের কমোট থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শাখার কর্মী ও পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্ভবত গর্ভপাতের পর কেউ সেখানে শিশুটির মৃতদেহ ফেলে রেখে গেছে। তিনি জানান, পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত এক কর্মী শুক্রবার দুপুরের পর টয়লেটের কমোটে শিশুটির রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা জানান, নবজাতকের মা-বাবার পরিচয় জানার জন্য পুলিশের একাধিক দল তৎপরতা চালিয়ে যাচ্ছে। কেউ টয়লেট ব্যাবহার করতে এসে লাশটি সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। আবার পরিচ্ছন্নতা ও নিরাপত্তাকর্মীদের যোগসাজসে কেউ লাশটি টয়লেটে রেখেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২১৫৯ঘ.