ঢাকা, ৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা থেকে প্রকাশিত নাটকের পত্রিকা থিয়েটারওয়ালা প্রকাশনার দশ বছর পূর্ণ করল। পত্রিকাটির দশম বর্ষপূর্তি ৩-৪ যুগ্ম সংখ্যাটি সদ্যপ্রয়াত নাট্যজন আবদুল্লাহ আল-মামুন ও জিয়া হায়দারকে স্মরণে রেখে প্রকাশিত হয়েছে।
থিয়েটারওয়ালা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদ্যপ্রয়াত কবি সমুদ্র গুপ্ত, কথাসাহিত্যিক মাহমুদুল হক, প্রাঙ্গণে মোর এর তরুণ সদস্য মাসুদ পারভেজ ও বিশ্বনন্দিত নাট্যকার হারল্ড পিন্টারকেও স্মরণ করা হয়েছে এ সংখ্যাটিতে।
এছাড়া রয়েছে বাংলাদেশের থিয়েটার অঙ্গনের দুই কৃতী ব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুন ও জিয়া হায়দারের শিল্পকর্মের নানা দিক নিয়ে লেখা প্রবন্ধ।
অন্যান্য বেশ কিছু বিষয়ের পাশাপাশি গত ১৯ সেপ্টেম্বর থিয়েটারওয়ালা আয়োজিত রঙ্গমাতন সোলায়মান মেলার উন্মুক্ত বৈঠকের অনুলিখন ছাপা হয়েছে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৯০৫ঘ.
bdnews24