২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৭০ ভাগ শিশু-ক্যান্সার রোগী নিরাময়যোগ্য: প্রফেসর মান্নান

সময়মতো চিকিৎসা পেলে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ শিশু-ক্যান্সার রোগীর নিরাময় সম্ভব। শিশু ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর এম এ মান্নান বুধবার বাংলাদেশ চাইল্ডহুড ক্যান্সার সোসাইটি (বিসিসিএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সময়মতো চিকিৎসা পেলে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ শিশু-ক্যান্সার রোগীর নিরাময় সম্ভব। শিশু ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর এম এ মান্নান বুধবার বাংলাদেশ চাইল্ডহুড ক্যান্সার সোসাইটি (বিসিসিএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। প্রফেসর মান্নান বলেন, দেশে প্রতিবছর অন্তত ছয় হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। সময়মতো চিকিৎসা পেলে তাদের প্রায় ৭০ শতাংশ সেরে উঠতে পারে। অপ্রতুল সুযোগ-সুবিধা, বিপুল খরচ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা ৯০ শতাংশের বেশি ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেন চাইল্ডহুড ক্যান্সার সোসাইটির সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার বিভাগের চেয়ারম্যান প্রফেসর মান্নান। তিনি দেশের সব হাসপাতালে শিশু-ক্যান্সার ওয়ার্ড প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সবার প্র্রতি আহ্বান জানান। বিসিসিএস মহাসচিব এডিএম আলাউদ্দিন তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন দেশের একমাত্র স্বীকৃত ও সংগঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ওয়ার্ডে বছরে মাত্র ৬শ শিশুকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। তিনি জানান, সোসাইটি এ মুহূর্তে ক্যান্সারাক্রান্ত শিশুদের জন্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোটারিয়ান এম এ রবের দান করা ১১ শতক জায়গায় একটি আশ্রম প্রতিষ্ঠার কাজ হাতে নিচ্ছে। তারা ভবিষ্যতে একটি মেডিকেল ইন্সটিটিউট ও পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে সোসাইটি শোভাযাত্রারও আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ওষুধ কোম্পানি সেনোফি এভেন্টিস ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড এতে আর্থিক সহায়তা দেয়। বিএসএমএমইউ'র শিশু-ক্যান্সার বিশেষজ্ঞ ৩ শ'রও বেশি রোটারিয়ান, ওরাল ক্যান্সার সোসাইটি প্রেসিডেন্ট প্রফেসর মতিউর রহমান মোল্লাসহ অনেকে এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এসকে/১৯৫৮ঘ.