ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশগঞ্জ থেকে পাঁচ খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছোট্ট আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জের চর চারতলা বাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
ছোট্ট আবুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পুলিশ চর চারতলা গ্রামের বাড়িতে ছোট্ট আবুকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে একটি গুলি আবুর শরীরে এসে লাগে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় চুরি, ডাকাতি, সন্ত্রাস, হত্যাসহ ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা উত্তম কুমার জানিয়েছেন।
তিনি আরও জানান, চর চারতলা গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য হত্যা মামলায় সে অভিযোগপত্রভুক্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১৮১০ ঘ.
bdnews24