কক্সবাজার, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার স্ত্রী তৌহিদা হাসানকে (২৭) আটক করা হয়েছে।
মিরাজ হোসেন (৩২) নামের ওই পর্যটক ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। কক্সবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের আলী মনসুরের ছেলে মিরাজ হোসেন ও তার স্ত্রী তৌহিদা হাসান গত ৩০ জানুয়ারি কক্সবাজার শহরের কলাতলী এলাকার সী-আলিফ গেস্ট হাউজে ওঠেন।"
তৌহিদা ঢাকার দক্ষিণ বাসাবোর কামরুল ইসলামের মেয়ে।
মহিউদ্দিন বলেন, "রোববার বিকেল ৪টার দিকে তারা দু'জন বাইরে থেকে হোটেলে ফিরে আসেন। এর ঘণ্টা দুই পর স্ত্রী তৌহিদা হাসান রুমের ব্যালকনি দিয়ে ব্যাগ বাইরে ফেলে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে হোটেল কর্মচারিদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেয়।
"হোটেলটির ২১২ নম্বর কক্ষের বাথরুমের দরজা ভেঙ্গে মিরাজ হোসেনের লাশ উদ্ধার করা হয়।"
পরিবারের লেঅকজনের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিরাজ ও তৌহিদা ২০০৮ সালের ২৯ ফেব্র"য়ারি পরিবারের অমতে বিয়ে করেন। রোববার তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার পর মিরাজ হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।"
গ্রেপ্তার তৌহিদা হাসান জানান, বাইরে থেকে ফেরার পর তাদের দু'জনের মধ্যে সামান্য মনোমালিন্য হয়। এই ঘটনায় মিরাজ হোসেন বাথরুমে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তাকে বাঁচানোর চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বলে দাবি করে তিনি জানান, তিনি ফাঁসের রশি কাটার জন্য হোটেল বয়দের কাছে একটি ছুরি চেয়ে নিয়েছিলেন। ছুরি দিয়ে গলার ফাঁস কাটলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মামলার গতি অন্য দিকে মোড় নিতে পারে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/টিআর/২১২৬ ঘ.
bdnews24