মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ হতে যাওয়া বছরে প্রশাসনে ৭৪ জনের চুক্তিভিত্তিক নিয়োগসহ প্রায় এক হাজার কর্মকর্তার পদে রদবদল করছে মহাজোট সরকার। ঢেলে সাজানো হয় মাঠ প্রশাসনের কেন্দ্র হিসেবে চিহ্নিত জেলা ও উপজেলা প্রশাসনও।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন সচিব পর্যায়ের ১১ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় দুশ' কর্মকর্তা।
তবে একই সময়ে প্রশাসনের সর্বনিু সিনিয়র সহকারী সচিব থেকে সর্বোচ্চ সচিব পর্যায় পর্যন্ত পৌনে সাতশ' কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে সহকারী সচিব থেকে জেষ্ঠ্যতা পেয়েছেন প্রায় ৩০০ কর্মকর্তা।
এ সময়ে 'ভূতাপেক্ষ পদোন্নতি' নামে নতুন একটি শব্দও যোগ হয়েছে প্রশাসনের কার্যক্রমে। জোট সরকারের সময় ভিন্ন মতাবলম্বী হিসেবে চিহ্নিত ও কর্মচ্যুত কর্মকর্তাদের ভূতাপেক্ষ (পেছনের তারিখে) পদোন্নতিসহ সুবিধাও দেওয়া হয়েছে এ সময়ে।
এরপরও সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ প্রশাসনিক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি সরকারের পক্ষে। বরং তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি করা সিটিজেনস চার্টারগুলোও এখন হয়ে পড়েছে অকার্যকর।
তবে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে কাক্সিক্ষত অগ্রগতি না হলেও কিছু অগ্রগতি হওয়ার দাবি করেছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
তার মতে, এ কাজটির বেশির ভাগই কাগজে-কলমে। তাই পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হলেও মূল কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে।
চারদলীয় জোট সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনে অন্তত এক ডজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ওই ধারাবাহিকতা বজায় রাখেনি। এ সময় একজন মাত্র কর্মকর্তার চাকরি খোয়া যায়। তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের চাকরি যায় বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করে একটি বই প্রকাশের জন্য।
১১ সচিবের ওএসডি থাকার বিষয়ে এইচ টি ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেকের ব্যাপারেই ভালো রিপোর্ট ছিলো না। তাই তাদের ওএসডি করে রাখা হয়েছে। তবে অনেকেই রয়েছেন পদায়নের অপেক্ষায়। ওএসডি মানে যে সব সময় খারাপ, তা কিন্তু নয়। অনেক সময় ভালোর জন্যও ওএসডি করা হয়।"
'খারাপ রিপোর্ট' রয়েছে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, "যদিও তা নেওয়া উচিত ছিলো, কিন্তু বরখাস্ত করতে খারাপ দৃষ্টান্ত হবে। বিএনপি ক্ষমতায় এসেই একযোগে ৪৬ জনকে চাকরিচ্যুত এবং কয়েকশ' কর্মকর্তাকে বসিয়ে রেখেছিলো। আমরা বিএনপির মতো করতে চাই না।
"আর এমনিতেই কয়েক দিন পর তারা অবসরে যাবেন, তাই শেষ সময়ে তাদের অপমান করতে চাইনি।"
চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচটি ইমাম বলেন, বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ প্রশাসনের শীর্ষস্থানীয় তিনটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে। কারণ এসব পদে হুট করেই নিচে থেকে কাউকে এনে বসানো যায় না।
"আরো কিছু পদ আছে, সেখানে দক্ষ ও অভিজ্ঞ লোকদের বসাতে হয়। সেখানেই যুক্তিযুক্তভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে", বলেন তিনি।
গত বছরের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর এ বছর ৬ জানুয়ারি নতুন সরকার দায়িত্ব নেয়। এরপরই সরকার প্রশাসনকে ঢেলে সাজানোর কাজে হাত দেয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক বছরে প্রশাসনের বিভিন্ন পদে ৬৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এ সময় পদোন্নতিসহ প্রশাসনিক জ্যেষ্ঠতা পেয়েছেন প্রায় ৩০০ সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মহাজোট সরকারের এক বছরে ৯৬০ কর্মকর্তা রদবদল করা হয়। এরমধ্যে সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫৩, যুগ্ম-সচিব পদে ৭৪, উপসচিব পদে ২৮৭, সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব পদে ২৩৩, নন-ক্যাডার ও পিএসসির সদস্যসহ অন্য বিভিন্ন পদে ১৯৭ জন ও ১১৬ সামরিক বাহিনীর কর্মকর্তা।
জোট সরকারের সময় প্রথম বছরে বিভিন্ন পদে এক হাজার ৭৭৯ কর্মকর্তাকে রদবদল করা হয়। ওই সময় এক বছরে ১৬৯ জনকে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রথম বছরে জোট সরকারের সময় ১৭০ জন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক দলীয়করণ করার অভিযোগ এনে দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহেই ১০ সচিব বদলির মাধ্যমে সরকার প্রশাসনে রদবদল শুরু করে। এর সঙ্গে প্রথম মাসেই পদোন্নতি দেয়ার কাজও শুরু হয়। ২৫ জানুয়ারি সচিব পদে পদোন্নতি দেওয়া হয় ১০ কর্মকর্তাকে। এতে প্রথম সচিব হওয়ার সুযোগ পান তৎকালীন ভারপ্রাপ্ত সংস্থাপন সচিব এ এস এম আলী কবীর।
৭ সেপ্টেম্বর যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব, উপ-সচিব থেকে যুগ্ম-সচিব এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে রেকর্ড সংখ্যক ৫০৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এতে অতিরিক্ত সচিব পদে ৬০, যুগ্ম-সচিব পদে ১৬৩ এবং উপসচিব পদে ২৮০ কর্মকর্তা পদোন্নতি পান।
জোট সরকারের সময় জনপ্রশাসনে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও পদোন্নতি না পাওয়া কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর একটি রিভিউ কমিটি গঠন করে।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত ওই কমিটি ইতিমধ্যে ৪০টি বৈঠক করে বেশ কিছু কর্মকর্তার বিষয়ে সুপারিশ চূড়ান্ত করেছে। ৬৪২ পৃষ্ঠার সুপারিশে প্রায় সাড়ে ৭ হাজার আবেদনের মধ্যে ৫২৩ জনের আবেদন মঞ্জুর করার প্রস্তাব করা হয়েছে।
কমিটির অনেক সুপারিশ কার্যকর হয়েছে। অনেক কর্মকর্তার অবসরে যাওয়ার সময় হয়ে যাওয়ায় তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। ওইসব কর্মকর্তার অনেকেই আবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগও পেয়েছেন।
এদিকে বর্তমান সরকারের সময় পদোন্নতি না পাওয়া প্রায় ৫০০ জনের আবেদন সংস্থাপন মন্ত্রণালয় ও রিভিউ কমিটির বিবেচনায় রয়েছে। এসবের ব্যাপারেও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১১২০ ঘ.
bdnews24