২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বাহিনী আসার খবর মিথ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার জন্য সেদেশের নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার খবরকে 'মিথ্যা' বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার জন্য সেদেশের নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার খবরকে 'মিথ্যা' বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বুধবার দুপুরে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "এ ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি। বিভিন্ন পত্র-পত্রিকায় বা টিভি চ্যানেলে প্রচারিত খবরটি পুরোপুরি মিথ্যা। একটি মহল এসব রটাচ্ছে।" এর আগে সোমবার সাহারা খাতুন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নিরাপত্তার জন্য সেদেশের কোনো নিরাপত্তা বাহিনীর বাংলাদেশে আসার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছিলেন। বৈঠকের শুরুতেই কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান অধিদপ্তরের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীকে জানান। পরে অন্য কর্মকর্তারাও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে অনেকটা খোলামেলা আলোচনা করেন। এ সম্পর্কে পরে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "কারা কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। এগুলোর মধ্যে যৌক্তিক সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। এছাড়া ইতিমধ্যে রেশন বাড়ানো হয়েছে।" বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামীদের জেল কোড অনুযায়ী যথাযথভাবে কারাগারে রাখা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। ইংরেজী নববর্ষ বরণ প্রসঙ্গে তিনি বলেন, "নববর্ষ উদযাপন করতে গিয়ে কোনো বেলাল্লাপনা সহ্য করা হবে না। যারা এসব করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২২৪৮ ঘ.