ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভূমি রক্ষায় কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
'দখলদারদের সঙ্গে হাত মেলানোর ইচ্ছে থাকলে' সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
বগুড়া ও সাভারে বিএডিসি'র জমি বেদখল হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রণালয়ে চলতি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক সভায় সংস্থা প্রধানদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, "সরকারি সম্পত্তি রক্ষায় সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো আবাসন কোম্পানি বা দখলদারের সঙ্গে হাত মেলানোর ইচ্ছে থাকলে সরকারি চাকরি ছেড়ে তাদের সঙ্গে যোগ দেন। তাতে সরকার লাভবান হবে।"
পর্যালোচনা সভায় বিএডিসি'র চেয়ারম্যান এসএম নজমুল ইসলাম বলেন, বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি জমি টিএমএসএস নামে একটি বেসরকারি সংস্থা বেদখল করে নিচ্ছে। এছাড়া ইতোমধ্যেই সাভারে বিএডিসি'র মাশরুম প্রকল্পের সরকারি জমি দখল করে নিয়েছে বেসরকারি একটি আবাসন কোম্পানি।
তদারকির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও মামলা পরিচালনায় গাফলতির কারণেই এ সম্পত্তিগুলো সরকারের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএডিসি'র চেয়ারম্যান।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন জানান, এসব তথ্য জানার পর কৃষিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং বেহাত সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় জানানো হয়, বিএডিসি'র ৪১টি ভূমি ও স্থাপনার মধ্যে বেশ কিছু স্থাপনা যথাযথভাবে মামলা পরিচালনা না হওয়া ও তদারকির অভাবে সরকারের হাতছাড়া হতে চলেছে। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ইতোমধ্যে আটটি স্থাপনা উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৩টি উদ্ধারে তৎপরতা চলছে। এখনো আদালতে মামলা চলছে ২০টি স্থাপনা ও ভূমি নিয়ে।
সভায় কৃষিমন্ত্রী বিএডিসিসহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার সব সম্পত্তির সার্বিক অবস্থা সম্পর্কে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/এসকে/২১৪৮ঘ.
bdnews24