২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির উদ্বেগ ও প্রশ্ন

ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে তাদের নিজস্ব নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনের খবরে উদ্বেগ প্রকাশ করে একইসঙ্গে বিদেশি মিশনের নিরাপত্তায় সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে তাদের নিজস্ব নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনের খবরে উদ্বেগ প্রকাশ করে একইসঙ্গে বিদেশি মিশনের নিরাপত্তায় সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এ বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যাও দাবি করেছে প্রধান বিরোধী দল। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার জন্য ৫০ জনের বিশেষ নিরাপত্তা বিশেষজ্ঞ দল আসছে- এ খবর প্রকাশের পর সোমবার কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নিরাপত্তারক্ষীদের দূতাবাস সংলগ্ন সড়কেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভারতের নতুন হাইকমিশনার রজিত মিটার রোববারই ঢাকায় আসেন। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের বাইরে সে দেশের নিরাপত্তাকর্মীরা পাহারা দিচ্ছে, আমার দেশের মানুষের দেহ তল্লাসি করছে। দূতাবাসের বাইরের সড়কের এ ঘটনা উদ্বেগজনক।" স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, "বাংলাদেশে সব দেশের দূতাবাস ও হাইকমিশনের নিরাপত্তার বিধান সরকারের দায়িত্ব। কিন্তু ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা সে দেশের কর্মীরা দিচ্ছেন। তাহলে কি আমারা মনে করবো- সরকার বিদেশিদের নিরাপত্তা বিধানে ব্যর্থ?" বিএনপি নেতারা বলেন, দূতাবাসের বাইরে ভারতীয় নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালন দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হস্তক্ষেপ। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "কোনো দূতাবাস বা হাইকমিশনের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হলে তা করবে সরকার। কিন্তু তা না করে অন্য দেশের নিরাপত্তাকর্মী নিয়ে আসার বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।" এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের বক্তব্য স্পষ্ট নয় দাবি করে বিএনপি নেতারা বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলছেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র সচিব (মোহাম্মদ মিজারুল কায়েস) বলছেন, ভারত এখনো কিছু জানায়নি। নজরুল ইসলাম বলেন, "সরকারের কাছে আমাদের দাবি বিদেশি মিশনে পর্যাপ্ত নিরাপত্তার দেওয়া হোক। কিন্তু কোনো মিশনের বাইরে সে দেশের নিরাপত্তাকর্মী নিয়োগ করা হলে স্বাধীন দেশ হিসেবে আমাদের আপত্তি থাকবে।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু , যুব দলের সহসভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.