ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার রাতে সিঙ্গাপুর রওনা হয়েছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রাতেই দেশে ফিরলেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
দেলোয়ারের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাবা রাত ১১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মেডিকেল চেকআপ হবে।''
আগামী সাপ্তাহে বিএনপি মহাসচিব দেশে ফিরবেন বলে তিনি জানান।
দেলোয়ার ডায়াবেটিস, হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তার সঙ্গে স্ত্রী সারোয়ারা হোসেন ও মেয়ে ডা. দেলোয়ারা বেগম পান্নাও রয়েছেন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার রাতে ঢাকা পৌঁছেন।
মান্নান ভূঁইয়ার সহকারী জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''স্যার রাত ১১টায় দেশে ফিরেছেন। তিনি বাসায় পৌঁছেছেন।''
গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য মান্নান ভূঁইয়া সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরে কুইন এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হয়। হৃদরোগ, ফুসফুসের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন তিনি। একই হাসপাতালে তার ফুসফুসের চিকিৎসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৪৫ ঘ.
bdnews24