২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাটখারায় বিএসটিআই সিল বাধ্যতামূলক হচ্ছে

ওজনে সঠিক মাপ নিশ্চিত করতে বিএসটিআই-র সীল সম্বলিত বাটখারা ও ওজন যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে সঠিক মাপ নিশ্চিত করতে বিএসটিআই-র সীল সম্বলিত বাটখারা ও ওজন যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআই মিলনায়তনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। সভায় খাদ্যে নকল ও ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য সম্পর্কে শিশুদের সচেতন করার জন্য পাঠ্যপুস্তকে দ্রুত খাদ্য নিরাপত্তা বিষয়ে রচনা সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নয়ন এবং সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা ও কক্সবাজারে বিএসটিআই অফিস খোলার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক অফিসে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার স্থাপনের জন্য ৩৯ লাখ ৬৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে গৃহীত প্রকল্পের অনুমোদনও দেওয়া হয় সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১০৮ঘ.