চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের পর সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরুর কাজে হাত দেবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আইনজীবী ও সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, "মানবতা বিরোধী এসব যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এ জন্য হাইকোর্টের পুরানো ভবনে বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের কাজ চলছে।"
চার দলীয় জোট সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনসহ সব নির্যাতন-নিপীড়নের বিচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বৈঠকে বলেন, এজন্য হাইকোর্টের নির্দেশে গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর বিচার শুরু হবে।
২০০১ থেকে ২০০৬ সাল সময়ে চট্টগ্রামসহ সারাদেশে বাড়ি-ঘর পোড়ানোসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় সঠিক তথ্য দিয়ে কমিশনকে সহায়তা করতে আইনজীবীদের প্রতি অনুরোধ জানান কামরুল ইসলাম।
সরকারি আইন কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে বৈঠকে আইন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার পর একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
অন্যদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল কাদের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহম্মেদ এবং মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২১৫০ঘ.
bdnews24