ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিদেশী দুই গবেষকসহ ১৭ জনকে সম্মানসূচক ফেলোশিপ দিয়েছে বাংলা একাডেমী।
সম্মানিত বাংলা ভাষার অনুরাগী দুই বিদেশী গবেষক হলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমেরিটাস অধ্যাপক ক্লিনটন বুথ সিলি ও জাপানী রবীন্দ্র গবেষক ও অনুবাদক কাজুও আজুমা।
শনিবার সকালে বাংলা একাডেমী প্রাঙ্গণে ৩২ তম বার্ষিক সাধারণ সভায় আরও সম্মাননা দেওয়া হয়েছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে কৃতী ১৫ জনকে।
বাংলা একাডেমীর চেয়ারম্যান কবীর চৌধুরী বলেন, "কোনো না কোনোভাবে বাংলা ভাষার জন্য অবদান রেখেছেন এমন গুণীজনদের সম্মাননা জানানো বাংলা একাডেমীর নিয়মিত কাজের অংশ। শুদ্ধ বাংলার প্রসারের পাশাপাশি কীর্তিমানদের গুণের স্বীকৃতি দেওয়ার কাজটি আন্তরিকতার সঙ্গে করছে বাংলা একাডেমি।"
ফেলোশীপপ্রাপ্ত অন্যরা হলেন এ বি এম মুসা, আমীরুল ইসলাম, আতাউস সামাদ, ফেরদৌসী মজুমদার, আকবর আলি খান, আবদুস সামাদ মন্ডল, বিবি রাসেল, মাহবুবুর রহমান, হাবীবুল্লাহ পাঠান, রওশন আরা বাচ্চু, নূরুল ইসলাম, আমানুল হক, ইমদাদ হোসেন এবং এ বি এম আবদুল লতিফ মিয়া।
সম্মাননা পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটা অন্য ধরণের সম্মান। নিজের ভাষা, মাতৃভাষাকে সম্মান দেখানোর সম্মান।"
লেখালেখিতে বেশ সক্রিয় মুহিতের এ পর্যন্ত কুড়িটির বেশি বই প্রকাশিত হয়েছে।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, "জীবনে আমি অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এ পুরস্কারের মতো সম্মান অন্য কোনোটাতেই পাইনি।"
'জীবদ্দশাতেই' কাজের স্বীকৃতি পেয়ে বাংলা একাডেমীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফেরদৌসী মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসকে/২০২৭ঘ.
bdnews24