২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান: আমীরাহ

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে 'স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি' নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে সদ্য নিযুক্ত বাংলাদেশী বংশোদ্ভূত আমীরাহ হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে 'স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি' নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে সদ্য নিযুক্ত বাংলাদেশী বংশোদ্ভূত আমীরাহ হক। শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। কোনো চুক্তি ছাড়াই জলবায়ু সম্মেলন শেষ হওয়া প্রসঙ্গে আমীরাহ হক বলেন, "এটি হতাশাব্যঞ্জক। আরো কিছু অগ্রগতি হতে পারতো।" তবে বিষয়টি সদস্য দেশগুলোর সমঝোতার বিষয় বলে অভিমত দেন তিনি। ইউএন আন্ডার সেক্রেটারি আরো বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার, পরিবেশবাদী সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) শক্তিশালী কর্মপরিকল্পনা ও কর্মসূচি নিতে বিষয়টি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। জাতিসংঘ ফোরামে বাংলাদেশের ভূমিকাকে 'যথেষ্ট সক্রিয়' আখ্যা দিয়ে আমীরাহ হক বলেন, "জাতিসংঘের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২০১৫ সাল নাগাদ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় দেশটির পক্ষে পৌঁছানো সম্ভব।" কোনো বাংলাদেশী নারীর জন্য এ পর্যন্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হচ্ছে সর্বোচ্চ পদ। এর আগে এস এ এম এস কিবরিয়া ও আনোয়ারুল কবির চৌধুরী এই পদে কাজ করার সুযোগ পেয়েছিলেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন একইসঙ্গে তাকে তিমুর-লেসোথোতে জাতিসংঘের সমন্বিত মিশনের (ইউএনএমআইটি) প্রধান নিয়োগ করেছেন। বাংলাদেশে মানবাধিকার ও বিচার বহির্ভূত হত্যা প্রসঙ্গে মনোভাব জানতে চাওয়া হলে আমীরাহ বলেন, "শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে।" আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিক সনদ সহায়তা দিতে দিতে পারে। প্রতিবেশি ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ প্রসঙ্গে জানতে চাওয়া হলে আমীরাহ হক বলেন, "আশাকরি বিষয়টির মীমাংসায় আমরা প্রতিবেশিরা এক হয়ে কাজ করবো।" জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। একজন বাংলাদেশী সেনা কর্মকর্তার আইভরি কোস্ট শান্তি রক্ষা মিশনে কমান্ডার পদে থাকার কথা উল্লেখ করে আমীরাহ হক বলেন, মিশনের বিভিন্ন উচ্চপদে আরো বেশি বাংলাদেশীকে দেখতে পেলে ভালো লাগতো। জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বর্তমানে লোকবলের দিক দিয়ে ১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এর আগে (২০০৭-২০০৯) আমীরাহ হক সুদানে মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং বিশ্বসংস্থার আবাসিক ও মানবিক সমন্বয়কারী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এসকে/২০০৯ঘ.