ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরকে বিভাগ করার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন একদল সাংবাদিক।
ঢাকায় কর্মরত রংপুরের সাংবাদিকদের সংগঠন 'রংপুর বিভাগ (প্রস্তাবিত) সাংবাদিক সমিতি' এর ডাকে সকালে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি পালনকারীরা বৃহত্তর রংপুর ও বৃহত্তর দিনাজপুর জেলা নিয়ে রংপুর বিভাগ গঠনের দাবি জানায়।
মানববন্ধন শেষে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুরের সাবেক সাংসদ মাহবুবুর রহমান বলেন, "প্রাকৃতিক সম্পদ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ রংপুর-দিনাজপুর অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। যমুনা সেতু হওয়ার পরও সেখানে শিল্প কল-কারখানা গড়ে উঠেনি।"
তিনি রংপুর বিভাগ ঘোষণার দাবির প্রতি তার সমর্থন জানান।
'রংপুর বিভাগ সাংবাদিক সমিতি'র সভাপতি আজহার আলী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) গোলাম মুস্তফা ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, উত্তরবঙ্গ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোদাব্বের হোসেন, মমতাজুর করিম, হাবিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩০ ঘ.
bdnews24